হাতিয়ায় জলদস্যুদের গুলিতে কয়েকজন নিহতের খবর
নোয়াখালীর হাতিয়ায় জাহাজমারা ইউনিয়নের দুর্গম কালামচরে জলদস্যু নিজাম বাহিনীর গুলিতে শুক্রবার গভীর রাতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় ও জলদস্যুদের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক নির্ভরযোগ্য সূত্র ৪০ জনের মৃত্যু হয়েছে দাবি করলেও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল তদন্ত করে তারা এ ধরনের কোনো আলামত খুঁজে পায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জলদস্যুরা লাশগুলোর পেট চিরে মেঘনা নদীতে ডুবিয়ে দিয়েছে। তাই নিহত জেলেদের নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হচ্ছে না। কালামচরে নিয়মিত মহিষ চরাতে যান এ রকম কয়েকজন রাখাল প্রথম আলোকে জানান, শুক্রবার গভীর রাতে তাঁরা ওই এলাকায় ব্যাপক গুলির শব্দ শুনতে পান। পরে শনিবার ভোরে তাঁরা মহিষ চরাতে গেলে অন্তত ৪০ জন জেলের লাশ দেখতে পান। তাঁদের সামনেই জলদস্যু নিজাম বাহিনীর সদস্যরা লাশগুলোর পেট চিরে নদীতে ডুবিয়ে দেয়। এ দৃশ্য দেখে আতঙ্কে তাঁরা ওই এলাকা ছেড়ে আসেন। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এক চা-দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনিও শুক্রবার গভীর রাতে কালামচরে ব্যাপক গুলির শব্দ শুনেছেন। জলদস্যুদের ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের ভাষ্যমতে, কালাম বাহিনী ৫ ডিসেম্বর বঙ্গোপসাগর থেকে চারটি মাছ ধরার ট্রলার ও একটি বালুর ট্যাংকার আটক করে। সেগুলোতে চালক, জেলেসহ শতাধিক লোক ছিলেন, যাঁদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। মুক্তিপণের আশায় এসব লোকজনকে কালাম বাহিনী তাঁদের কালামচরের আস্তানায় আটক করে রাখে। তবে শুক্রবার রাত তিনটার দিকে ওই আস্তানায় অতর্কিতে হামলা চালায় নিজাম বাহিনী। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৪০ জন জেলে মারা যান। অতর্কিত আক্রমণে টিকতে না পেরে কালাম বাহিনীর সদস্যরা এবং জীবিত জেলেরা কালামচরের বনে ঢুকে পড়ে। বর্তমানে কালামচরের ওই আস্তানা নিজাম বাহিনীর দখলে রয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন কালামচরে গুলিবিনিময় বা কোনো জেলের মৃত্যুর খবর নাকচ করে দেন। ওসি জানান, গত রোববার তিনি নিজে পুলিশ নিয়ে কালামচরে তদন্তে গিয়েছিলেন। সেখানে কোনো লাশ, রক্ত বা গুলিবিনিময়ের কোনো আলামত খুঁজে পাননি। এমনকি ঘটনাস্থলের আশপাশের এলাকার লোকজনও এ রকম কোনো তথ্য দিতে পারেনি।