হাতিয়ায় ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে তিন জেলে মারা গেছেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জেলেরা হলেন জামাল উদ্দিন (৩৫), আবদুল মতিন (২২) ও রাকিব উদ্দিন (১৫)। জামালের বাড়ি উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামে। একই ইউনিয়নের রেহানিয়া গ্রামে মতিন ও রাকিবের বাড়ি।
ট্রলারের মালিক সফিউল আলম মাঝির বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, আজ ভোররাত সাড়ে তিনটার দিকে সফিউল মাঝি মাছ ধরার ট্রলারটি নিয়ে ১০ জেলে নিয়ে বুড়িরচর ইউনিয়নের বুড়িরদোনা খাল থেকে মেঘনা নদীতে মাছ ধরতে রওনা হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রলারটি নদীর মাঝখানে থাকা অবস্থায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্য জেলেদের সহায়তায় সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় জামাল, মতিন ও রাকিব নিখোঁজ ছিলেন। দুপুর ১২টা থেকে একটার মধ্যে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদা বলেন, মেঘনা নদীতে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় মারা যাওয়া তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে।