হাতিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ার বৌ-বাজারের পশ্চিমে সরকারি বনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল রোববার ভোর চারটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে দুটি দা উদ্ধার করা হয়৷
গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলেন নিঝুম দ্বীপের বন্দরটিলার মো. ইরাক (২৮), বৌ-বাজার এলাকার মো. ইউছুফ (৩২) ও আবু মাঝি৷ তাঁদের মধ্যে ইরাকের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ১০টি এবং বাকি দুজনের বিরুদ্ধে দুটি করে ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে তিনটার দিকে হাতিয়া থানায় খবর আসে নিঝুম দ্বীপের বৌ-বাজার এলাকার সরকারি বনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর চারটার দিকে নিঝুম দ্বীপের পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ওই বনে ঝটিকা অভিযান চালিয়ে ডাকাত দলের তিনজনকে ধরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে যায়৷ আটক ডাকাতদের কাছ থেকে ধারালো দুটি দা উদ্ধার করা হয়৷
গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি।