হাতিয়ায় তিন বাড়িতে ডাকাতি, আটক ৩
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ গতকাল সোমবার ঘটনাস্থল তদন্ত করে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।জাহাজমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিনসহ কয়েকজন প্রথম আলোকে জানান, ১৫-১৬ জন ডাকাতের একটি দল পিস্তল, কাটা রাইফেল ও ধারালো অস্ত্র নিয়ে শনিবার গভীর রাতে জাহাজমারা ইউনিয়নের মেঘপার্শান গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া ও তাঁর ভাই মাছ ব্যবসায়ী মাইন উদ্দিনের ঘরে এবং মোহামঞ্চদপুর গ্রামের মাছ ব্যবসায়ী রুহুল আমিন মাঝির ঘরে হানা দেয়। ডাকাতেরা প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় আড়াই লাখ টাকা নিয়ে যায়।রুহুল আমিন মাঝি গতকাল জানান, আগের রাতের তিনটি ডাকাতির ঘটনায় রোববার রাতে তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার (আজ) থানায় ডাকাতির মামলা করবেন।জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক রহমত আলী ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং ডাকাতিতে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেন। তাঁরা হলেন: মেঘপার্শান গ্রামের জাফর কোম্পানীর ছেলে সাদ্দাম হোসেন (২৪), কালু সর্দারের ছেলে ইলিয়াছ (২২) ও জয়নাল আবদিনের ছেলে জুয়েল (১৯)।