হাতিয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না ৪০০ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার ৯৯টি নবঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ জন প্রাথমিক শিক্ষক তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এ অবস্থায় তাঁদের চরম অর্থসংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাতিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল ওহাব ও সাংগঠনিক সম্পাদক নবীর উদ্দিন প্রথম আলোকে জানান, উপজেলার ৯৯টি এমপিওভুক্ত বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিয়মিত মাসিক বেতন পেয়ে আসছিলেন। সরকার এসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিলে বিদ্যালয়ের নামের তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় উপজেলা শিক্ষা কার্যালয়কে ১১টি বিষয়ে শিক্ষকদের যোগ্যতা যাচাই-বাছাই করার নির্দেশ দেয়। পরে উপজেলা শিক্ষা কার্যালয় শিক্ষকদের যোগ্যতা যাচাই-বাছাই করে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন পাঠায়। কিন্তু ওই সব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন তিন মাস ধরে বন্ধ রয়েছে।কয়েকজন প্রাথমিক শিক্ষক বলেন, একদিকে বেতন না পাওয়া, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই দুই কারণে খুব কষ্টে তাঁদের দিন কাটাতে হচ্ছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার ঘোষ বলেন, ‘চূড়ান্ত প্রতিবেদন পাঠানোর পরও কেন শিক্ষকেরা বেতন পাচ্ছেন না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’