হাতিয়ায় দরপত্র জমা দিতে বাধা, ঠিকাদারদের মারধর
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৫টি প্রকল্পের দরপত্র জমা দিতে গিয়ে বিএনপির সমর্থক ঠিকাদারেরা আওয়ামী লীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত সাতজন ঠিকাদার আহত হন। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, মাসখানেক আগে চার কোটি টাকা ব্যয় প্রাক্কলন করে হাতিয়ার বিভিন্ন এলাকার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও আসবাব সরবরাহের দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। গত সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির সমর্থক ঠিকাদার ফখরুল ইসলামসহ বেশ কিছু ঠিকাদার দরপত্র জমা দিতে এলজিইডির স্থানীয় কার্যালয়ে যান। এ সময় সেখানে উপস্থিত ১৪-১৫ জন লোক তাঁদের হাত থেকে দরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা বিএনপির সমর্থক ঠিকাদারদের কিলঘুষি মারতে থাকেন। এতে আহত হন ঠিকাদার ফখরুল ইসলাম, আব্বাস উদ্দিন, আশিক ইকবাল, ইকবাল উদ্দিন, রেজওয়ানুর রহমান, শাহেদ ও ওছমান গনি। হামলার শিকার ঠিকাদার ফখরুল ইসলাম ও আব্বাস উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা প্রত্যেকে ১৫টি প্রকল্পের জন্য একটি করে শিডিউল কেনেন। গতকাল তা জমা দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যান। কিন্তু কার্যালয়ের সামনে পৌঁছার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতাসহ ১৪-১৫ জনের একদল লোক তাঁদের ওপর হামলা চালান ও দরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা অভিযোগ করেন, তাঁরাসহ অনেক ঠিকাদারই শিডিউল কিনে ভয়ে জমা দিতে পারেননি। আগের দিনই কিছু দুর্বৃত্ত তাঁদের ফোন করে দরপত্র জমা না দেওয়ার জন্য হুমকি দেয়। পৌর আওয়ামী লীগের সভাপতি কেফায়েত উল্লা বলেন, হামলার ঘটনা তিনি ফোনে জেনেছেন। কিন্তু পরে খোঁজ নিয়ে কোনো সত্যতা পাননি।উপজেলা প্রকৌশলী হায়দার আলী বলেন, তাঁর কার্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কার্যালয়ের বাইরে কিছু ঘটেছে কি না, তা তাঁর জানা নেই। নির্ধারিত সময়ের মধ্যে ১৫টি প্রকল্পের বিপরীতে ৩০টি দরপত্র জমা পড়েছে বলে তিনি জানান।ঘটনাস্থলে উপস্থিত হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, সামান্য হাতাহাতি ও কথাকাটাকাটি হয়েছে। অন্য কিছু নয়। পুলিশ উভয় পক্ষকে শান্ত করে।