হাতিয়ায় দুই দল জলদস্যুর গোলাগুলিতে একজন নিহত
নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার মেঘনায় দুই দল জলদস্যুর মধ্যে গোলাগুলির ঘটনায় অজ্ঞাতনামা এক জলদস্যু (৩২) নিহত হয়েছে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে বুড়িরচর ইউনিয়নের ধনারদোন এলাকার মেঘনায় এ ঘটনা ঘটে।গোলাগুলির পর নিহত দস্যুর লাশ একটি মাছ ধরার নৌকায় ফেলে দস্যুরা পালিয়ে যায়। খবর পেয়ে গতকাল সোমবার সকাল নয়টার দিকে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার বুড়িরচর ইউনিয়নসংলগ্ন মেঘনার এই অংশ বেশ কিছুদিন ধরে নিয়ন্ত্রণ করছিল জলদস্যু এমরান বাহিনী। রোববার রাত সাড়ে নয়টার দিকে নিঝুম দ্বীপের কালাম বাহিনী আধিপত্য বিস্তার করার জন্য এই এলাকায় আসে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে নয়টা থেকে অন্তত আধা ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলি চলে। এ সময় গুলির শব্দে নদীতে ও তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দস্যুদের দুই পক্ষ দুই দিকে ফিরে যায়।এ ঘটনার পর ভোরে অন্য জেলেরা নদীর কুলে একটি মাছ ধরার নৌকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।জানতে চাইলে দুই দল দস্যুর মধ্যে গোলাগুলির ঘটনা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম। মেঘনা ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ২০টি জলদস্যু বাহিনী চাঁদার দাবিতে জেলেদের ওপর প্রতিনিয়ত হামলা, অপহরণ, মাছ লুটসহ নানা নির্যাতন চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, নদীতে আধিপত্যের বিস্তার নিয়ে নিজেরাও সংঘর্ষ ও গোলাগুলিতে লিপ্ত হয়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।