হাতিয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে এ জোয়ার শুরু হয়। এতে গ্রামগুলোর প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অমাবস্যার কারণে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে মেঘনায় অস্বাভাবিক জোয়ার শুরু হয়। যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট বেশি। উপজেলার সুখচর ইউনিয়নের বেশির ভাগ এলাকায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি সহজেই ইউনিয়নে ঢুকে পড়ে। এতে ইউনিয়নের বেশির ভাগ এলাকাই প্লাবিত হয়েছে। যার মধ্যে ছয়টি গ্রামের অবস্থা খুবই খারাপ।গ্রামগুলো হলো দাসপাড়া, কাহার গ্রাম, দরগা গ্রাম, বাদশা মিয়াগো গ্রাম, কাদির সর্দার গ্রাম ও মুলিশাগো গ্রাম। এসব গ্রামের বেশির ভাগ গ্রামীণ সড়ক ও বাড়িঘর এখন জোয়ারের লবণাক্ত পানিতে নিমজ্জিত। স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়টিতে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি একটু বাড়লেই ঘরবাড়িতে পানি ওঠে। এতে বর্তমানে অনেক বাড়িতে রান্না করে খাওয়ার অবস্থাও নেই।সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল (গতকাল) থেকে অস্বাভাবিক জোয়ারে তাঁর ইউনিয়ন পুরোটাই প্লাবিত হয়েছে। ভরা কাটাল হওয়ায় এবার জোয়ারের উচ্চতাও বেশি। এতে মানুষজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।জানতে চাইলে অস্বাভাবিক জোয়ারে সুখচর ইউনিয়ন প্লাবিত হওয়ার কথা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহিদুর রহমান। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ার হলেই ওই ইউনিয়নটি প্লাবিত হয়। তবে, এরই মধ্যে বেড়িবাঁধের কিছু কাজ হওয়ায় এবার ক্ষতি কিছুটা কম।’ এ প্রসঙ্গে ইউএনও মাহিদুর রহমান বলেন, যখন বৃষ্টি কম ছিল, তখনই কাছ শুরু করা হয়েছে। এরই মধ্যে বেশ কিছু অংশে বাঁধ নির্মাণ করা হয়ে গেছে।