হাতিয়ায় নবী মাঝিকে আটকের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা নোয়াখালীর হাতিয়া থেকে নবীর উদ্দিন ওরফে নবী মাঝিকে (৪৫) আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। নবী মাঝি ২০১০ সালের ৬ জুলাই র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হাতিয়ার শীর্ষস্থানীয় সন্ত্রাসী বাশার মাঝির মেয়ের জামাই। নবী মাঝিকে আটকের অভিযোগ অস্বীকার করেছে র‌্যাব-৭-এর কার্যালয়।নবী মাঝির স্ত্রী জহুরা বেগম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মাছ বিক্রির জন্য গতকাল ভোর সাড়ে চারটার দিকে নবী মাঝি মোটরসাইকেলে করে বাড়ি থেকে ভূঞার হাটের দিকে রওনা দেয়। পথে যোবায়েদ বাজারের পাশের বেড়িবাঁধে র‌্যাবের একটি দল মোটরসাইকেল থামিয়ে তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনাটি দেখেছেন দাবি করে এক দোকানি বলেন, তিনি ভোরে নামাজ পড়তে দোকান থেকে রাস্তায় বের হন। এ সময় তিনি দেখতে পান, একটি জিপ তাঁর দোকানের কাছে এসে থামে। জিপে র‌্যাবের মতো কালো পোশাক পরা ১২ জন ছিল। তারা জিপ থেকে নেমে রাস্তায় দাঁড়ায়। কিছুক্ষণ পর বিপরীত দিক থেকে আসা নবী মাঝির মোটরসাইকেলকে থামায়। একজন র‌্যাব সদস্য নবী মাঝির হাতে আঘাত করে জোর করে জিপে তুলে নেয়। জিপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জিপে ওঠানোর সময় নবী মাঝির বাঁ পায়ের স্যান্ডেল খুলে নিচে পড়ে যায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর সুভাষ চন্দ্র পাল বলেন, র‌্যাব সদস্যরা নঙ্গইলারচরের নবী মাঝিকে গতকাল ভোরে ধরে নিয়ে গেছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, নবী মাঝির বিরুদ্ধে হাতিয়া থানায় চারটি মামলা রয়েছে। নবী মাঝিকে আটকের বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে র‌্যাব-৭-এর কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষে ফোন করলে মোস্তাক আহমদ নামের একজন প্রথম আলোকে বলেন, ভোরে র‌্যাব-৭ হাতিয়ায় এ ধরনের কোনো অভিযানে অংশ নেয়নি। নবী মাঝিকে আটকের অভিযোগ সত্য নয়।