হাতিয়ায় নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের তোড়ে নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুটি নিখোঁজ ট্রলারের দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ও একটার দিকে নিঝুম দ্বীপের কাছে মেঘনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া লাশ দুটির একটি জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের আনাজল হকের ছেলে এনায়েত হোসেনের (৩২) এবং অপরটি বুড়িরচর ইউনিয়নের কালিচর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আবু তাহেরের (৪০)। উদ্ধারের পর স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে ঝোড়ো বাতাসের কবলে পড়ে এবং পূর্ণিমার জোয়ারের তোড়ে গতকাল রোববার বেলা একটার দিকে জাহাজমারা ইউনিয়নের কাদিরারঘাট এবং বুড়িরচর ইউনিয়নের কাছে মেঘনা নদীতে দুটি ট্রলার নিখোঁজ হয়। একটি ট্রলারে ১৪ জন এবং অন্যটিতে ৬ জন জেলে ছিলেন। এর মধ্যে ১৮ জন জেলে অন্য ট্রলারে থাকা জেলেদের সহায়তায় তীরে ফিরে এলেও এনায়েত হোসেন ও আবু তাহের নামে দুজন নিখোঁজ থাকেন। নিখোঁজ দুজনের লাশ আজ নিঝুম দ্বীপের কাছে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।

এদিকে স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট উচ্চতার জোয়ারের পানিতে হাতিয়ার নিঝুম দ্বীপের পুরোটাই পানির নিচে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন। আজ দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, জোয়ারের পানিতে দ্বীপের প্রায় আট হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। ইতিমধ্যে কয়েক শ পরিবার স্থানীয় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ঝোড়ো বাতাসে হাতিয়া ডিগ্রি কলেজের পুরোনো ভবনের টিনের চাল উড়ে যায়। এ ছাড়া নিঝুম দ্বীপ, চর ঈশ্বর, জাহাজমারা ও তমরুদ্দী ইউনিয়নের কিছু কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, নিখোঁজ দুটি ট্রলারের দুই জেলের লাশ আজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের পুরোটা এবং তমরুদ্দী, বুড়িরচর, চর ঈশ্বর ও জাহাজমারা ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত রয়েছে।