হাতিয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১৮
নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছাইফ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ইউছুফ আলীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। গত শনিবার রাত থেকে গতকাল রোববার বিকেল চারটা পর্যন্ত পৌর ও আশপাশের এলাকায় এসব সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত একটার দিকে শহরের চরলটিয়া এলাকায় ছাইফ উদ্দিন ও ইউসুফ আলীর সমর্থকেরা কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনার জের ধরে গতকাল বিকেল চারটা পর্যন্ত পৌরসভার চরকৈলাশ, মধ্যলক্ষ্মীদিয়া ও পূর্ব লক্ষ্মীদিয়ায় বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। এতে মোট ১৫ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন রাশেদুল হাসান, মজিবা খাতুন, সাহেদ, আবদুল জলিল, মাঈন উদ্দিন, আলমগীর, ছালা উদ্দিন, মাঈন উদ্দিন, আনাজল হক, জহির, নাছিমা খাতুন, মহি উদ্দিন, আশ্রাফ আলী, রহমত উল্লাহ এবং মরিয়মের নেছা। পৌরসভা এলাকার বাইরে সোনাদিয়া ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামে নুর ইসলাম এবং সহিদ নামের দুজন সংঘর্ষে আহত হন। এ ছাড়া তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে বেলায়েত হোসেন নামের একজন প্রতিপক্ষের বেদম মারধরের শিকার হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ইউছুফ আলী ও ছাইফ উদ্দিন বিনা উসকানিতে তাঁদের কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ এনেছেন।হাতিয়া থানায় সদ্য যোগ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেছেন, এ ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে।