নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন আহম্মেদের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আফাজিয়া বাজারে ছাত্রলীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে এসব ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে সাতজন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মাহবুব মোর্শেদের লোকজন এসব হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে মাহবুব মোর্শেদের বড় ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী কোনো ধরনের হামলা-ভাঙচুরের সঙ্গে তাঁদের কারও জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি প্রথম আলোকে বলেন, পরাজিত প্রার্থী মহিউদ্দিনের লোকেরাই হামলা-ভাঙচুরের ঘটনা সাজিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ১০-১২ জন যুবক লাঠিসোঁটা নিয়ে সুখচর ইউনিয়নের রামচরণ বাজারের স্বর্ণকার তপন চন্দ্র কর্মকারকে মারধর ও দোকানে ভাঙচুর চালায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. ইরাক বলেন, তপন চন্দ্র কর্মকার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মহিউদ্দিন আহম্মেদের আনারস প্রতীকের পক্ষে কাজ করায় বিজয়ী প্রার্থীর মাহবুব মোর্শেদের দোয়াত-কলম প্রতীকের সমর্থকেরা অতর্কিত এসে এ হামলা চালায়।
সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে চরকিং ইউনিয়নের পূর্বগ্রাম থেকে মো. মনছুর (২৪) নামে আনারস প্রতীকের এক কর্মী দাসপাড়া এলে তাঁর মাথা ফাটিয়ে দেয় প্রতিপক্ষ। বেলা সাড়ে ১১টার দিকে দাসেরহাটে রুপেশ দাস ও তাঁর দুই ভাইয়ের দোকানে হামলা চালায় এবং তিন ভাইকে মারধর করেন দোয়াত-কলম প্রতীকের কর্মীরা।
সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় দাসপাড়ার লক্ষ্মণ চন্দ্র দাস (৪৫) ও গোপাল চন্দ্র দাসকে (৪২) মারধর করেন দোয়াত-কলমের কর্মীরা। একই সময় আফাজিয়া বাজারে ছাত্রলীগের কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মহিউদ্দিন অভিযোগ করেন, তাঁরা দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। আর এতে ক্ষিপ্ত হয়ে দোয়াত-কলমের সমর্থকেরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই হামলা চালায়।
আনারস প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী নানাভাবে ভোট কেটে নিজের পক্ষে বিজয় নিশ্চিত করেছেন। কিন্তু বিজয়ী হওয়ার পর তাঁর লোকজন গণহারে বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর শুরু করেছেন; যা অত্যন্ত দুঃখজনক।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি বলেন, চর কিং, সুখচরসহ কয়েকটি স্থানে নির্বাচনোত্তর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার খবর পেয়েই পুলিশ ও প্রশাসনের লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোনো ঘটনায়ই থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।