হাতিয়ায় পরিস্থিতি স্বাভাবিক দুই মামলায় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কয়েক দিন ধরে বিরাজমান থমথমে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। গতকাল বুধবার নতুন করে কোনো সহিংস ঘটনা না ঘটায় রাত ১২টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।অন্যদিকে গত রবি ও সোমবারের সহিংস ঘটনায় হাতিয়া থানায় দায়ের করা দুটি মামলায় সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা সদর ও আশপাশের এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত মোহাম্মদ আলীর সমর্থক নবির উদ্দিন ওরফে বশির কসাই, আমির হোসেন, আকবর হোসেন ও স্বপন উদ্দিন এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সমর্থক আলাউদ্দিন, মো. সুমন, ও মো. মনির হোসেন। তাঁরা প্রত্যেকেই ওই ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি।জানা গেছে, ১৪৪ ধারা বলবৎ থাকায় গতকালও উপজেলা সদরে সাধারণ লোকজনের সমাগম ছিল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। দোকানপাট খুলেছে। যানবাহন চলাচল করেছে অন্যান্য দিনের চেয়ে কম।এদিকে হাতিয়া থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী আহত হওয়ার ঘটনায় তিনি বাদী হয়ে যে মামলা করেন, তাতে ছায়েফ উদ্দিন আহমদসহ ৬৭ জনের নাম উল্লেখ করে এবং আরও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়। ছায়েফ উদ্দিন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। এ ছাড়া ফজলুল আজিমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে।সূত্র আরও জানায়, সোমবার ফজলুল আজিমের বাসায় হামলার ঘটনায় আহত মো. রাশেদ উদ্দিন বাদী হয়ে ওই দিন রাতেই থানায় একটি মামলা করেন। মামলায় মোহাম্মদ আলীসহ ১৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।এদিকে হাতিয়া অবস্থানকারী সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, হাতিয়ার পরিস্থিতি বর্তমানে শান্ত। মঙ্গলবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লা, ফজলুল আজিম ও মোহাম্মদ আলীর সঙ্গে পৃথক বৈঠকে তাঁরা প্রত্যেকেই শান্তিশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশিদ প্রথম আলোকে জানান, সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে গতকাল রাত ১২টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তা ছাড়া পুরো বিষয়টিই তাঁদের পর্যবেক্ষণে রয়েছে।