হাতিয়ায় পাঁচটি বসতঘরে লুটপাট, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে দুর্গম মৌলভীর চরে পাঁচটি বসতঘরে লুটপাট চালায় সন্ত্রাসীরা। পরে ঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়। গত সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালী উল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুর রহমান ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঘটনা তদন্তে মৌলভীর চরে যান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাখাল জানান, গত শুক্র ও শনিবার দুপুরে প্রায় ২০০ সশস্ত্র সন্ত্রাসী রাখালদের পাঁচটি বসতঘরে লুটপাট চালানোর পর অগ্নিসংযোগ করে। লুটেরারা রাখালদের মহিষের প্রায় ১০ মণ দুধ, পাঁচ মণ চাল, মহিষ ও গরুর প্রায় ৫০ হাজার টাকার ওষুধ, বিদেশি ১১টি টর্চলাইট, ১৩টি মুঠোফোনসেট ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এরপর তারা আগুন ধরিয়ে দিলে পাঁচটি ঘর পুরোপুরি ভষ্মীভূত হয়। এ সময় প্রাণ বাঁচাতে রাখালেরা বনের মধ্যে পালিয়ে যান। রাখালেরা অভিযোগ করেন, পার্শ্ববর্তী ভোলা জেলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের লোকজন ওই লুটপাট ও অগ্নিসংযোগ করে। মনপুরার কলাতলী পুলিশ ক্যাম্পের পুলিশ তাঁদের সহযোগিতা করে। যোগাযোগ করা হলে মনপুরার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন সোমবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর কোনো লোক ওই লুটপাট ও অগ্নিসংযোগ করেনি। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, লুটপাট ও অগ্নিসংযোগে পুলিশ কাউকে সহযোগিতা করেনি। শুক্রবার মৌলভীর চরের পাশের মেঘনায় জলদস্যুদের গুলির আওয়াজ শোনা যায়। তাই পুলিশকে ওই এলাকার মেঘনায় টহল দিতে বলা হয়। শনিবার টহলের সময় কলাতলী পুলিশ মৌলভীর চরের পাশের মেঘনা থেকে জলদস্যুদের ব্যবহূত একটি ট্রলার আটক করে। ট্রলারটি মনপুরা থানার হেফাজতে আছে। হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মিল্টন সোমবার প্রথম আলোকে জানান, মনপুরা পুলিশের অনুরোধে হাতিয়া কোস্টগার্ডের ১০ জন সদস্য শুক্রবার মৌলভীর চরে যান। তবে রাখালদের ঘর লুটপাট ও অগ্নিসংযোগের ব্যাপারে তিনি কিছুই জানেন না।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন প্রথম আলোকে জানান, মৌলভীর চরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার রাত আটটা পর্যন্ত হাতিয়া থানায় কোনো মামলা হয়নি।