হাতিয়ায় পাল্টাপাল্টি হামলা ভাঙচুর, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইয়াছিন আরাফাতের সমর্থক রুহুল আমিন আওয়ামী লীগের প্রার্থী নুর ইসলামের সমর্থকদের হামলার শিকার হন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্র জানায়, এ ঘটনার জের ধরে রাত নয়টার দিকে রুহুল আমিনের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে থাকা নুর ইসলামের সমর্থকদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন খলিল উল্লাহ (৩৫), মো. ইসমাইল (৩০), কামরুল হোসেন (৩৫), বেলায়েত হোসেন (৩৮), আনোয়ার হোসেন (৪০), মো. রিয়াজ (২২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুর ইসলাম অভিযোগ করেন, ‘বিদ্রোহী’ প্রার্থী ইয়াছিন আরাফাতের সমর্থক রুহুল আমিনের ওপর হামলার গুজব তুলে তাঁর লোকজন অতর্কিতে চরচেঙ্গা বাজারে ও তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর চালান এবং লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
রুহুল আমিন ও ইয়াছিন আরাফাতের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হাতিয়া থানার ওসি এ টি এম আরিচুল হক বলেন, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।