হাতিয়ায় পুলিশ-জলদস্যু গোলাগুলি, বন্দুকসহ ১৫ দস্যু আটক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলছিরা এলাকায় গতকাল সোমবার বিকেলে পুলিশের সঙ্গে জলদস্যুদের গোলাগুলি হয়েছে। এ সময় পুলিশ স্থানীয় জনতার সহায়তায় দস্যু বাহিনীর প্রধানসহ ১৫ জন জলদস্যুকে আটক করে। পুলিশ এ সময় দস্যুদের কাছ থেকে দুটি দেশি বন্দুক উদ্ধার করে।আটক দস্যুদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মহিউদ্দিন গ্রুপের প্রধান মহিউদ্দিন, মো. হারুন, মো. আলাউদ্দিন, মো. সিরাজ, মো. শাহজাহান, মো. রিপন, মো. মাকছুদ, মো. ইরাক, আবদুর রহিম, আবুল কাশেম, মো. ইসরাফিল ও মো. কাঞ্চন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে দমার চরের পাশে একদল জলদস্যু কয়েকটি মাছ ধরার ট্রলারে ডাকাতি করছে বলে থানায় খবর আসে। এরপর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে জলদস্যুদের ধাওয়া করলে তারা পূর্ব দিকে সরে যায়। এরপর বিকেল চারটার দিকে জলদস্যুরা হাতিয়ার পূর্ব দিক দিয়ে মেঘনা নদী হয়ে নলছিরা ঘাটের পাশ দিয়ে পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে নলছিরা পুলিশ ফাঁড়ির পুলিশও তাদের ধাওয়া করলে জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা গোলাগুলি চলার পর দস্যুদের গুলি শেষ হয়ে গেলে তারা কূলে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দা ও পুলিশ ধাওয়া করে ১৫ জলদস্যুকে আটক করে। জানতে চাইলে পুলিশি অভিযান ও দস্যু আটকের কথা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, অভিযানকালে দস্যুরা গুলি ছুড়লে পুলিশ চায়নিজ রাইফেল থেকে আটটি এবং শটগান থেকে ২৭টি গুলি ছোড়ে।