নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার দুর্গম কালামচরে পুলিশের সঙ্গে জলদস্যুদের গোলাগুলিতে দস্যু বাহিনীর প্রধান মো. ইউনুছ ওরফে এমরান (৩৫) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওই চরে পুলিশি অভিযান চলাকালে দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে ইউনুছ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শক তানভীর হোসেন, মো. মঞ্জুসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযানের সময় পুলিশ কালামচরে তল্লশি চালিয়ে একটি কাটাবন্দুক, ১২টি গুলি ও তিনটি সিগন্যাল রকেটলঞ্চার উদ্ধার করে।নিহত ইউনুছ উপজেলার বুড়িরচর ইউনিয়নের আলাদী গ্রামের আবদুল মালেকের ছেলে। তাঁর বিরুদ্ধে হাতিয়া থানায় ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।অভিযানের কথা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম গতকাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রায় শতাধিক পুলিশ সদস্য কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কালামচরে দস্যু দমনে অভিযান শুরু করেন।ওসি আরও জানান, রাত সাড়ে ১২টার দিকে অভিযান চলাকালে দস্যুরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে জলদস্যু বাহিনীর প্রধান মো. ইউনুছ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ইউনুছসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তাঁরা শুনেছেন। এ বিষয়ে ওসি খোরশেদ আলম বলেন, ‘বিকেলে কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় লোকজন তো কত কথাই বলেন।’ পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, হাতিয়ার দস্যুকবলিত চরগুলোতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।