হাতিয়ায় প্রতিবন্ধীর বাড়ির দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী অফিস:aরাস্তা নির্মাণের নামে নোয়াখালীর হাতিয়ার বয়ারচরে আবুল কালাম (৪২) নামের এক মানসিক প্রতিবন্ধীর বাড়ির দেড় শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত স্থানীয় হাতিয়া বাজার নুরানী মাদ্রাসার সভাপতি ও আওয়ামী লীগের কর্মী মেনু মাঝির উপস্থিতিতে গাছগুলো কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গত সোমবার পুলিশ ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু পুলিশ যাওয়ার পরই গাছ কাটার সঙ্গে জড়িতরা আবুল কালাম ও তাঁর স্ত্রী পারুল আক্তারকে মামলা করলে তাঁদের এলাকাছাড়া করা হবে বলে হুমকি দিয়ে যান।সোমবার বিকেলে সরেজমিনে বয়ারচরের হাতিয়া বাজারের পাশের আবুল কালামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির পাশের পুকুরপাড়ে লাগানো মেহগনি, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা গাছগুলোর বাজারমূল্য লক্ষাধিক টাকা। আবুল কালামের স্ত্রী পারুল আক্তার অভিযোগ করেন, তাঁদের বাড়ির পাশের বাড়ির মেনু মাঝি শুক্রবার তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর পুকুরপাড়ের গাছ কাটা শুরু করেন। এ সময় তিনি সেখানে গিয়ে গাছ কাটার কারণ জানতে চাইলে তাঁকে গাছ কেটে রাস্তা নির্মাণ করা হবে বলে জানানো হয়। এ সময় প্রতিবাদ জানালে মেনু মাঝি ও তাঁর লোকজন তাঁকে মারধর করেন। এ ঘটনায় মঙ্গলবার তাঁর স্বামী হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। মেনু মাঝি মুঠোফোনে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাঁকে হেয় করার জন্য তাঁর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ আনা হয়েছে। বন বিভাগের বাঁশখালী রেঞ্জের বিট কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মেনু মাঝি নামের এক ব্যক্তি গাছগুলো কাটিয়েছেন বলে স্থানীয় লোকজন তাঁর কাছে অভিযোগ করেছেন।বয়ারচরের চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া জানান, গাছগুলো জব্দ করে পারুলের স্বামীর জিম্মায় দেওয়া হয়েছে এবং এই ঘটনায় থানায় গিয়ে মামলা করতে ক্ষতিগ্রস্তদের পরামর্শ দেওয়া হয়েছে।