হাতিয়ায় বাড়িতে সশস্ত্র হামলা আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার ভূমিহীন বাজার এলাকার একটি বাড়িতে গত রোববার গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন, জলদস্যু নিজাম উদ্দিন ওরফে নিজাম বাহিনীর সদস্যরা স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার সম্পদ লুটে নিয়েছে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে কমপক্ষে আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের সবাইকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আবদুল গফুর (৭০) পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বাকিরা হলো, ছেমনা খাতুন (৫০), নিজাম উদ্দিন (৪০), স্বপ্না বেগম (৩৪), মাঈন উদ্দিন (৩২), মো. জিহাদ (৬), মো. সুমন (৫) ও মো. আরমান (৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে ২৫-৩০ জনের একটি দল অস্ত্র নিয়ে ভূমিহীন বাজারের পাশের আবদুল গফুরের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে আহত করে। পরে তারা স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার সম্পদ লুট করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। হামলায় আহত নিজাম উদ্দিন অভিযোগ করেন, ১০-১২ দিন আগে জলদস্যু নিজাম বাহিনীর একদল সদস্য তাঁর কাছে ভূমিহীন বাজারে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি তাদের চাঁদা দেননি। এর জের ধরে তারা হামলা চালিয়েছে। ভূমিহীন বাজার পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।