হাতিয়ায় ব্যবসায়ীকে হত্যা করে দোকান লুট, আটক ৫
নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় বেলায়েত হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান লুট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার তমরুদ্দী ইউনিয়নের আঠারবেকি গ্রামে ও তমরুদ্দী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করে। এর পর তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেলায়েত হোসেনের দোকানের কর্মচারী মো. খান ও বাজারের চার পাহারাদারকে আটক করে পুলিশ।পুলিশ ও বেলায়েত হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে তমরুদ্দী বাজারের ব্যবসায়ী বেলায়েত হোসেন তাঁর সলিমউল্লা মেডিকেল হল নামের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে একই ইউনিয়নের আঠারবেকি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।রাতে বেলায়েত হোসেন বাড়ি না ফেরায় সকালে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করতে তমরুদ্দী বাজারে গিয়ে দেখেন, সেখানে দোকানের এবং ভেতরে থাকা একটি সিন্দুকের তালা খোলা। এরই মধ্যে এলাকার কয়েকজন মাটিকাটার শ্রমিক বাড়ির কাছাকাছি একটি বাগানের পাশে কাজ করতে গিয়ে গাছের সঙ্গে লাশ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। এর পর পরিবারের সদস্যরা থানায় ঘটনাটি জানান। বেলায়েতের ভাতিজা মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, তাঁর চাচা প্রতিদিন রাত ১২টা-একটার দিকে বাড়ি ফিরতেন। দোকানে তাঁর কাছে অনেকেই নগদ টাকাসহ নানা জিনিস আমানত রাখতেন। বুধবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর চাচাকে মেরে চাবি নিয়ে দোকানে লুটপাট চালায় বলে তাঁরা ধারণা করছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা ও দোকান লুটের কথা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, কী পরিমাণ লুট হয়েছে, তার তথ্য এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় দোকান কর্মচারীসহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।