হাতিয়ায় ভেসে গেছে ২০ হাজার গরু-মহিষ!
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সরে গেলেও নোয়াখালীর উপকূলীয় এলাকার জনজীবনে দুর্ভোগ এখনো কমেনি। অস্বাভাবিক উচ্চতার জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টির কারণে জেলা শহর ছাড়াও হাতিয়া, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও সদর উপজেলার অনেক এলাকা এখনো জলমগ্ন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলা।জোয়ারের পানিতে এই দুই উপজেলার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে বেশি। উপজেলা দুটির ফসলি জমি, গবাদিপশু ও মৎস্য চাষ প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে হাতিয়ায় প্রায় ১০ হাজার, কবিরহাটে ১৫টি, কোম্পানীগঞ্জে দুই হাজার কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু হাতিয়া থেকেই ২০ হাজারের বেশি গরু-মহিষ ভেসে গেছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। জেলার প্রায় ৬০ হাজার হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে প্রায় ছয় হাজার পুকুর, ৫০০ মৎস্য খামার ও ৫০টি চিংড়িঘেরের মাছ। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবল জোয়ারে কোম্পানীগঞ্জে ৬০০ মিটার এবং হাতিয়ায় প্রায় ১৬ দশমিক পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে। এ দুই উপজেলায় আরও প্রায় ২৯ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশিদ জানান, সাত-আট ফুট উচ্চতায় জোয়ারের পানিতে উপজেলার নিঝুম দ্বীপ, চরঈশ্বর, বয়ারচর, নলের চর, ক্যারিংচর, নলচিরা ও তমরদ্দিসহ উপজেলার সব কটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে ভেসে গেছে মৌলভীর চর, ডালচর, ধমার চর, চরজাঙ্গালীয় ও নিঝুম দ্বীপের ২০ হাজারের বেশি গরু-মহিষ। বিভিন্ন স্থান থেকে গবাদিপশু এসব দ্বীপে ঘাস খাওয়ানোর জন্য পাঠানো হয়েছিল বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।কোম্পানীগঞ্জের ইউএনও মোহাম্মদ আমজাদ হোসেন জানান, উপজেলার তিনটি ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। চরবালুয়া, চর লেংটা, মুছাপুর, চর এলাহী, চরফকিরা, চরকচ্ছপিয়া, দিয়ারাবালুয়া গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্রায় ৩০০ কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ এবং দেড় সহস্রাধিক কাঁচাঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।সুবর্ণচরের ইউএনও গোলামুর রহমান জানান, উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানার হাট, চরবৈশাখী ও চর ধানের শীষ গ্রামে ঝড়ে ২০টি কাঁচাঘর বিধ্বস্ত ও দুই শতাধিক গাছপালা উপড়ে গেছে। এ ছাড়া ভারী বর্ষণে তলিয়ে গেছে ১৪ হাজার একর ফসলি জমি। কবিরহাটের ইউএনও শরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, উপজেলার ধানশালিক, ধানসিঁড়ি ও ঘোষবাগ ইউনিয়নের প্রায় ৫০০ খামারের মাছ ভেসে গেছে এবং ১২ হাজার হেক্টর জমির আমন ফসল ডুবে গেছে। এ ছাড়া ঝড়ে এসব এলাকার ১৫টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক মো. রফিকুল ইসলাম জানান, জলোচ্ছ্বাসে ও অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৬০ হাজার ১০০ হেক্টর জমির আমন ফসল নিমজ্জিত হয়েছে, যা এখনো ক্ষতির পর্যায়ে পৌঁছেনি। তিনি আরও জানান, জলাবদ্ধতা এক সপ্তাহ স্থায়ী হলে ফসলের ক্ষতি হবে।জেলা মৎস্য কর্মকর্তা বিলকিস তাহমিনা প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, হাতিয়ার ৫১০টি পুকুর, সুবর্ণচরের চার হাজার পুকুর ও ৫০টি ঘের, কোম্পানীগঞ্জের এক হাজার পুকুর এবং কবিরহাটের ৩০০ পুকুরের মাছ ভেসে গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, জোয়ারে কোম্পানীগঞ্জের ৬০০ মিটার বাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে এবং ১২ দশমিক ৬০ কিলোমিটার ক্ষতির মুখে রয়েছে। হাতিয়া উপজেলায় সাড়ে ১৬ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে। নোয়াখালীর জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোয় স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৪৫ হাজার টাকা এবং ২১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই সহায়তা পর্যাপ্ত নয় বলে তিনি স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্যের চাহিদা পাঠানো হয়েছে।