হাতিয়ায় মজুরি নিয়ে তর্ক এক ব্যক্তি খুন, গ্রেপ্তার ১
নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া এলাকায় খেসারির ডাল তোলার শ্রমের মজুরি নিয়ে কথা-কাটাকাটির জের ধরে মো. জাকের (২০) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত জাকের উত্তর সাগরিয়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাঝির ছেলে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহরাজ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আজ শুক্রবার তাঁকে বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সাগরিয়া এলাকার সিরাজুল ইসলাম চরের জমি থেকে খেসারির ডাল তোলার জন্য একই এলাকার শাহরাজের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী এক মণ খেসারি তোলার বিনিময়ে শাহরাজকে চার কেজি খেসারি দেওয়ার কথা। কিন্তু চুক্তি অনুযায়ী মজুরি না দেওয়ায় গতকাল বেলা দুইটার দিকে শাহরাজের সঙ্গে সিরাজুলের ঝগড়া হয়। একপর্যায়ে শাহরাজের পক্ষ হয়ে তাঁর এক আত্মীয় লাঠি দিয়ে সিরাজুলের ছেলে জাকেরের মাথায় আঘাত করেন। এতে জাকের গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বিকেল চারটার দিকে জাকের মারা যান। ঘটনার পর পুলিশ শাহরাজকে আটক করে।
জানতে চাইলে খেসারির ডাল তোলার মজুরি নিয়ে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি। প্রথম আলোকে তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে।