হাতিয়ায় মন্দিরে দুর্বৃত্তদের আগুন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানউল্লাহ গ্রামের কর্তাবাড়িতে রাধাগোবিন্দ মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ওই বাড়ির লোকজন হঠাৎ মন্দিরের ভেতরে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিক তাঁরা চিৎকার দিলে বাড়ির ও আশপাশের লোকজন এসে আগুন নেভান। কিন্তু ততক্ষণে মন্দির এবং সংলগ্ন একটি গুদামঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।
বাড়ির গৃহিণী কমলা বালা প্রথম আলোকে বলেন, মন্দিরে আগুন দেখে তাঁরা চিৎকার দিলে লোকজন এসে আগুন নেভান। তবে কারা এ আগুন লাগিয়েছে, তা তাঁরা বলতে পারছেন না। আকস্মিক এ ঘটনায় তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
জানতে চাইলে মন্দিরে অগ্নিসংযোগের কথা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে রাব্বি। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।