হাতিয়ায় মা-মেয়েসহ তিনজনের প্রাণহানি
প্রবল জোয়ারে বসতঘর বিধ্বস্ত হয়ে নোয়াখালীর হাতিয়ায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের আদর্শগ্রাম ও জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া ঝড়ে হাতিয়ায় অন্তত ৫০০ কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।
মারা যাওয়া তিনজন হলো চানন্দি ইউনিয়নের আদর্শ গ্রামের আবুল কাশেমের স্ত্রী মিনারা বেগম (৩৫), তাঁর মেয়ে মরিয়ম বেগম (১২) এবং জাহাজমারা গ্রামের সালাউদ্দিনের স্ত্রী মাহফুজা বেগম (৪৫)।
এদিকে স্থানীয় লোকজন জানান, ঝড়ের আঘাত ও জোয়ারের পানি থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদ আশ্রয়ে ছুটতে গিয়ে ১০-১২ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার চরঈশ্বর, নলচিরা, সুখচর, চরকিং, তমরদ্দি ও নিঝুম দ্বীপের কমপক্ষে চার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ঝড়ে এসব ইউনিয়নের কমপক্ষে ৫০০ কাঁচাঘর বিধ্বস্ত ও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। প্লাবিত এলাকাগুলোর কমপক্ষে এক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ঝড়ের আগে বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তারা রাতেও আশ্রয়কেন্দ্রে থাকবে।
প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী সকাল ১০টার দিকে হাতিয়ার নিঝুম দ্বীপ জোয়ারের পানিতে প্লাবিত হয়। এরপর দুপুরে বড়ে যাওয়া ঝড়ের সঙ্গে জোয়ারের তীব্রতা বেড়ে গেলে চরঈশ্বর, নলচিরা, সুখচর, চরকিং, তমরুদ্দী, জাহাজমারা, হরণী ও চানন্দি ইউনিয়ন প্লাবিত হয়।
কোম্পানীগঞ্জের ইউএনও মো. ইসমাইল হোসেন জানান, দুপুরের দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার চরদিয়ারাবালুয়া গুচ্ছগ্রাম, চরএলাহী, চর লেংটা, গাঙচিল, কচ্ছপিয়া, মুছাপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বিকেল নাগাদ পানি অনেকটাই নেমে যায়। জোয়ারের পানির তোড়ে এবং ঝড়ে ৫০-৬০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে।
সুবর্ণচরের ইউএনও মো. হারুন অর রশিদ জানান, উপজেলার চরক্লার্ক ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে আশেপাশের কয়েকটি এলাকা প্লাবিত হয়।
ঝোড়ো হাওয়ার কারণে জেলা শহর এবং নয়টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ-ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ও তার ছিঁড়ে পড়ায় সন্ধ্যা পর্যন্ত জেলার বেশির ভাগ এলাকা ছিল বিদ্যুৎহীন।