হাতিয়ায় মুক্তিপণ না পেয়ে কিশোরের কবজি কেটেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের জাহাজ্যার চর থেকে গত বুধবার রাতে সাদ্দাম (১৭) নামের এক কিশোরকে ডান হাতের কবজি কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সাদ্দামকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সাদ্দামের বাড়ি হাতিয়ার হরনী ইউনিয়নের বয়ারচরের মাইন উদ্দিন বাজারের পাশে। সাদ্দামের পরিবারের সদস্যদের ভাষ্য, অপহরণকারীরা মুক্তিপণের অর্থ না পেয়ে সাদ্দামের কবজি কেটে দেয়। গত সোমবার সন্ধ্যায় নিজাম ডাকাত বলে পরিচিত স্থানীয় সন্ত্রাসীর সহযোগীরা তাকে বাড়ি থেকে নিয়ে জিম্মি করে।নাম প্রকাশ না করার শর্তে সাদ্দামের একজন প্রতিবেশী জানান, নিজাম বাহিনীর সদস্য ইরন সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয়। এ সময় কুটি কালাম, ইসমাইল, মিরাজ কমান্ডার ও ইব্রাহিম নামের ওই বাহিনীর আরও কয়েকজন সদস্যও ইরনের সঙ্গে ছিল। পরে মুঠোফোনে তারা সাদ্দামের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা বলেন, বুধবার বিকেলে সাদ্দামের মা রহিমা খাতুন ও ভাই আকতার তার খোঁজে কেরিংচর ও জাহাজ্যার চরে যান। পরে নিজাম বাহিনীর আস্তানায় গিয়ে নিজাম ও তার সহযোগীদের হাত-পায়ে ধরে আহত সাদ্দামকে তাঁরা উদ্ধার করেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ পাল বলেন, এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। দুর্গম এলাকা হওয়ায় অনেক ক্ষেত্রে যথাসময়ে তাঁদের কাছে অভিযোগও আসে না।