হাতিয়ায় মুন্সিয়া বাহিনীর আস্তানায় র্যাবের অভিযান, ১৪টি অস্ত্র ও গুলি উদ্ধার
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জলদস্যু সর্দার মুন্সিয়ার আস্তানা থেকে ১৪টি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। এ সময় ডাকাত দলের সঙ্গে র্যাবের গুলি-পাল্টা গুলির ঘটনা ঘটে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক অস্ত্রের মধ্যে রয়েছে দেশে তৈরি একটি এসএমজি, দেশে তৈরি একটি পিস্তল, দেশে তৈরি তিনটি পাইপগান, দেশে তৈরি চারটি এলজি বন্দুক, দেশে তৈরি চারটি হ্যান্ডগান ও একটি পয়েন্ট ২২ বোর রাইফেল। এ ছাড়া ৪৮টি খালি কার্তুজ, ৬৫টি রামদা, ৩০৩ রাইফেলের পাঁচটি খালি খোসা, দুটি গ্রিল কার্টার, চারটি টর্চলাইট, ৯০টি অস্ত্র তৈরির সরঞ্জাম, নয়টি বল্লম (বাঁশের তৈরি), তিনটি করাত, একটি দুরবিন, একটি ছোট মাইক ও তার সরঞ্জাম, দুটি ইলেকট্রিক মোটর, দুটি টার্মিনাল লাইট ও চাঁদা আদায়ের ১৭টি নোটবুক জব্ধ করা হয়।র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল আবু হেনা মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, ওই এলাকায় জলদস্যুদের কয়েকটি দল সক্রিয়। আটক অস্ত্রশস্ত্র মুন্সি ডাকাত ওরফে মুন্সিয়া বাহিনীর।জানা গেছে, র্যাবের ৩০ সদস্যের একটি দল দুটি ট্রলারযোগে চট্টগ্রাম থেকে গত বৃহস্পতিবার নিঝুমদ্বীপের চরকালাম এলাকায় যায়। এ সময় চরকালামে অবস্থানরত ডাকাতদের একটি দল র্যাবের ট্রলার দুটিকে চ্যালেঞ্জ করে এবং র্যাবের ওপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে র্যাবের সদস্যরা আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করেন।