হাতিয়ায় মেঘনা নদী থেকে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, কোস্টগার্ডের তথ্যের ভিত্তিতে সকালে পুলিশের দুটি দল গিয়ে চর কিং ইউনিয়নের বগলার খাল থেকে একজনের (বয়স ২৬-২৭ হবে) এবং কিল্লার খাল থেকে আরেকটি লাশ (৩০-৩২) উদ্ধার করে।
ওসি বলেন, পচে বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয় লোকদের কেউ লাশগুলো শনাক্ত করতে পারেনি। কোথা থেকে লাশগুলো নদীতে এসেছে, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
গত শুক্রবার বিকেল থেকে হাতিয়ার সুখচর ও চর কিং ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে একাধিক লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এর মধ্যে সুখচর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় দুটি লাশ তীরে পড়ে থাকতে দেখা যায়। জোয়ারের সময় লাশগুলো তীরের দিকে এলেও ভাটার সময় নদীতে চলে যায়।
কোস্টগার্ডের স্থানীয় ইউনিটের কমান্ডার হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, সকালে নদীতে টহল দেওয়ার সময় তাঁরা বউবাজার ও বগলার খালসংলগ্ন চরে তিনটি লাশ পড়ে থাকতে দেখেন। লাশগুলো পচে ফুলে গেছে।
গতকাল সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় কোস্টগার্ড। একটি লাশ সুখচর ইউনিয়নের বউবাজারসংলগ্ন নদীর কূলে এবং দুটি লাশ চর কিং ইউনিয়নের বগলার খালসংলগ্ন চরে দেখা যায় বলে পুলিশকে জানায় কোস্টগার্ড।
তবে সুখচর ইউনিয়নের বউবাজার এলাকায় গিয়ে কোনো লাশ খুঁজে পায়নি বলে থানার ওসি জানিয়েছেন।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়, একজনের নাভির নিচে আঘাতের চিহ্ন আছে। ওই ব্যক্তির ডান হাঁটুর নিচ থেকে কোনো মাংস নেই। অন্য ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, আঘাতের চিহ্নগুলো কিসের, তা ময়নাতদন্ত করলে জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ আজ সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।