হাতিয়ায় মেঘনা নদীতে কার্গো জাহাজডুবি, সবাইকে জীবিত উদ্ধার
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে গতকাল রোববার সকালে সিমেন্টের কাঁচামালবাহী একটি কার্গোজাহাজ ডুবে গেছে। জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। পথে হাতিয়ার কেরিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নদীতে থাকা অন্য জেলেদের সহায়তায় সারেংসহ জাহাজের ১৩ জন শ্রমিক-কর্মচারীর সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সি-ট্রাকের যাত্রী বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের নোয়াখালী জেলা সভাপতি আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে তিনি সি-ট্রাকযোগে হাতিয়ায় যাওয়ার পথে কার্গোজাহাজকে ডুবে যেতে দেখেন।
হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কামরুন্নাহার কনক-৩ নামের কার্গোজাহাজটির সঙ্গে অপর একটি কার্গোজাহাজের সংঘর্ষ হয়। এতে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই জাহাজে থাকা ১৩ জনকে উদ্ধারে এগিয়ে যায় নদীতে থাকা মাছধরা ট্রলারগুলো। এ সময় কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করেন।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার ওমর ফারুক বলেন, কার্গোজাহাজডুবির ঘটনার খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে জেলেদের সহায়তায় জাহাজে থাকা সারেংসহ শ্রমিক-কর্মচারী সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।