হাতিয়ায় মেঘনায় তিন লাশ, একটি উদ্ধার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আজ সোমবার সকালে তিনটি লাশের সন্ধান পেয়েছে কোস্টগার্ড। একটি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এর আগে সুখচর ইউনিয়ন এলাকায় মেঘনা নদী ও তীরে দুটি লাশ পাওয়া গেলেও গতকাল রোববার বিকেলে পুলিশ গিয়ে পায়নি।
আজকের লাশ তিনটির মধ্যে একটি সুখচর ইউনিয়নের বউ বাজারসংলগ্ন নদীর চরে ও দুটি চর কিং ইউনিয়নের বগলার খাল-সংলগ্ন চরে পড়ে থাকতে দেখা যায়। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে বিষয়টি হাতিয়া থানাকে জানানো হয়।
কোস্টগার্ডের পেটি অফিসার (স্থানীয় ইউনিটের কমান্ডার) হামিদুর রহমান প্রথম আলোকে জানান, সকালে তাঁরা নদীতে টহল দেওয়ার সময় বউ বাজার ও বগলার খাল-সংলগ্ন চরে তিনটি লাশ দেখেন। লাশ তিনটি ফুলে উঠেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, সকালে কোস্টগার্ডের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়। তারা এর মধ্যে বগলার খাল থেকে অজ্ঞাতনামা (২৭) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
ওসি জানান, উদ্ধার করা লাশের পরনে একটি হাফপ্যান্ট ও গেঞ্জি রয়েছে। কয়েক দিন আগের লাশ হওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। বাকি লাশগুলো উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।
গত শনিবার বিকেল থেকে হাতিয়ার সুখচর ও চর কিং ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে এবং তীরে বেশ কয়েকটি লাশ দেখেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে সুখচর ইউপি কার্যালয়সংলগ্ন এলাকায় মেঘনার তীরে ও নদীতে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। জোয়ারের সময় লাশগুলো তীরের দিকে এলেও ভাটার সময় নদীতে চলে যায়। এতে গতকাল রোববার বিকেলে থানা-পুলিশের একটি দল সুখচর এলাকায় গিয়েও লাশ না পেয়ে ফিরে আসে।