হাতিয়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাত!
যৌতুক না পেয়ে লীমা আকতার নিপা (২২) নামের এক গৃহবধূকে ছুরি দিয়ে আঘাত করে জখম করেছেন তাঁর স্বামী রাজীব উদ্দিন। এর আগে লীমাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন বেদম মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১১ মে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের বয়ারচরের কাজীরটেক গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় লীমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লীমা গত মঙ্গলবার প্রথম আলোকে জানান, তিন বছর আগে উপজেলার হরনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজীব উদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় রাজীবকে নগদ এক লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। পরে তিনি আরও যৌতুক দাবি করেন। লীমা অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তাঁর স্বামী প্রায়ই তাঁকে মারধর করতেন। ১১ মে সকালে শাশুড়ি আয়েশা খাতুনের নির্দেশে স্বামী রাজীব ও দুই ননদ তাঁকে লাঠি দিয়ে বেদম পেটান। একপর্যায়ে রাজীব ছুরি দিয়ে তাঁর (লীমা) বাঁ হাতের কবজিতে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে তিনি চেতনা হারিয়ে ফেলেন। লীমার বড় ভাই রাশেদ বলেন, সামাজিকভাবে বিষয়টির কোনো সমাধান না হলে তাঁরা আইনের আশ্রয় নেবেন।