হাতিয়ায় শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ উপজেলা সদরে (ওছখালী) এ কর্মসূচির আয়োজন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা হাতিয়া উপজেলা পরিষদের সামনে ওছখালী-জাহাজমারা সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হওয়ার পর থেকে হাতিয়ার বিভিন্ন এলাকায় কমপক্ষে ছয়জন শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসব ঘটনায় থানায় অভিযোগ করলেও সন্ত্রাসীদের গ্রেপ্তারে কোনো ভূমিকা পালন করেনি পুলিশ প্রশাসন। যে কারণে তাঁরা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতা এ কে এম মানছুরুল হক, আ ক ম আবদুল্যাহ, মনিরুজ্জমান দুলাল, আবদুল ওহাব, বিদ্যুৎ বিজয় দাস, নুরনবী শাহীন, নবীর উদ্দিন, জসিম উদ্দিন, মনোয়ারা হক জলি প্রমুখ।
শিক্ষকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, একজন শিক্ষকের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, এটা ঠিক। কিন্তু আরও যেসব অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। ওই সব অভিযোগের বিষয়ে থানায় কেউ অভিযোগও করেনি। মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।