হাতিয়ায় সহিংসতায় আহত ১৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের (ডিপি) দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুই দফায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত ও ছয়টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে স্থানীয় রনা মার্কেটে নির্বাচনী প্রচার চলানোর সময় সদ্য সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হালিমের সমর্থকেরা মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষই প্রতিপক্ষকে লক্ষ্য করে উসকানিমূলক কথা বললে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অন্তত ১০ জন আহত হয়। এঁদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে ইউনিয়নের আফাজিয়া বাজারে আবারও দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে আজাদের সমর্থক মো. পবনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় পাঁচজন আহত হয়।এ প্রসঙ্গে আলাউদ্দিন বলেন, ‘বুধবার রনা মার্কেটে আমরা প্রচার চালাচ্ছিলাম। এ সময় প্রতিপক্ষ আমাদের ওপর চড়াও হয়। ওরা আমাদের ছয়টি মোটরসাইকেলে আগুন দেয়।’অপরদিকে প্রার্থী আবদুল হালিম বলেন, ‘আমাদের মিছিলে ওরা আগে হামলা চালায়। তা ছাড়া আমার সমর্থকদের মোটরসাইকেল পুড়িয়ে দেয় আলাউদ্দিনের লোকজন।’হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাসচন্দ্র পাল জানান, নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। তবে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। বুধবার ও গতকালের ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা করতে আসেনি।