হাতিয়ায় সি-ট্রাক থেকে ১৪২ কেজি হরিণের মাংস উদ্ধার
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দী লঞ্চঘাটে একটি সি-ট্রাক থেকে ১৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। তবে, হরিণের মাংস পাচারের এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ধরা যায়নি।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদে কোস্টগার্ড জানতে পারে, নিঝুম দ্বীপ থেকে বেশ কিছু হরিণের মাংস মাছের ঝুড়িভর্তি করে হাতিয়ার তমরুদ্দী লঞ্চঘাট থেকে সি-ট্রাকযোগে নোয়াখালীর চেয়ারম্যানঘাটে নেওয়া হবে। এরপর সেখান থেকে অন্য এলাকায় পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে লে. কর্নেল দেওয়ান রফিকুল আউয়ালের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল তমরুদ্দী লঞ্চঘাটে চেয়ারম্যানঘাটগামী সি-ট্রাকে অভিযান চালায়। অভিযানকালে কোস্টগার্ড সি-ট্রাকে থাকা মাছের ঝুড়ি তল্লাশি করে ১৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করে।
জানতে চাইলে অভিযানের কথা নিশ্চিত করেন কোস্টগার্ডের ইউনিট কমান্ডার লে. কর্নেল দেওয়ান রফিকুল আউয়াল। প্রথম আলোকে তিনি বলেন, হাতিয়ার চর চেঙ্গার মহিবউল্লাহ ও সিরাজুল ইসলাম ওই মাংসগুলো অবৈধভাবে নোয়াখালীর দিকে পাচার করছিলেন। অভিযানের সময় চেষ্টা করেও তাঁদের ধরা যায়নি৷