হাতিয়ায় সি-ট্রাক ২১ দিন ধরে অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরা নৌপথে চলাচলকারী একমাত্র সি-ট্রাক ‘এসটি জব্বার’ ২১ দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন সেখানকার যাত্রীরা।
এমন পরিস্থিতিতে অনেকেই বাধ্য হয়ে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) চড়ে মেঘনা নদী পার হচ্ছেন। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন দ্বীপের বাসিন্দারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চেয়ারম্যানঘাট থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) দুটি সি-ট্রাক হাতিয়ায় যাতায়াত করত। এর মধ্যে একটি সি-ট্রাক চেয়ারম্যানঘাট-নলচিরা ও আরেকটি সি-ট্রাক চেয়ারম্যানঘাট-তমরুদ্দী-চরচেঙ্গা নৌপথে চলাচল করত। কিন্তু ২৩ জুলাই চেয়ারম্যানঘাট-নলচিরা নৌপথে চলাচলকারী সি-ট্রাকটি অকেজো হয়ে পড়ে।
চেয়ারম্যানঘাটের একাধিক বাসিন্দা বলেন, এসটি জব্বার বন্ধ থাকায় চেয়ারম্যানঘাট-তমরুদ্দী নৌপথের সি-ট্রাকটিতে যাত্রীর চাপ বেড়ে গেছে।
নলচিরার বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, চেয়ারম্যানঘাট থেকে নলচিরা ও তমরুদ্দী-চরচেঙ্গা নৌপথে চলাচলকারী সি-ট্রাক দুটির মান ভালো না। ঠিকমতো রক্ষণাবেক্ষণও করা হয় না। সি-ট্রাকের এজেন্টের প্রতিনিধি ছাইফ উদ্দিন বলেন, এসটি জব্বারের দুটি ইঞ্জিনের একটি আগে থেকেই অকেজো ছিল। ঈদের ১০-১৫ দিন আগে থেকে বাকি ইঞ্জিনটিও ঠিকমতো চলছিল না। একপর্যায়ে সেটি বন্ধ হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাছনাত মো. মঈন উদ্দিন বলেন, সমস্যাটি বিআইডব্লিউটিসির চট্টগ্রাম ও ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম-ঢাকা) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, সি-ট্রাকটি জরুরী ভিত্তিতে চট্টগ্রাম ডকে এনে মেরামত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।