হাতিয়ায় সেই হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া চরাঞ্চলে সাতজনকে হত্যার অভিযোগে করা মামলার বাদীকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। মামলা প্রত্যাহার করা না হলে এবং ওই ঘটনা মিথ্যা বলে পুলিশ ও সাংবাদিকদের কাছে সাক্ষ্য না দিলে বাদী ও তাঁর স্বজনদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। যাঁদের খুন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে তাঁদের মধ্যে ইব্রাহীম ও কামাল শ্বশুর-জামাই। ইব্রাহীম সর্দারের স্ত্রী সাহেদা বেগম ও কামালের স্ত্রী জেসমিন আকতার প্রাণভয়ে গত সোমবার বিকেলে পালিয়ে ছেলেমেয়ে নিয়ে হাতিয়ায় এসেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁরা সাংবাদিকদের কাছে সন্ত্রাসীদের হুমকির বর্ণনা দেন।সাহেদা তাঁর স্বামীর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘অ্যাঁর স্বামী ইব্রাহীম হদ্দার ও জামাই কামালকে সন্ত্রাসীরা বাড়ির সামনের রাস্তা থেকে ধরি পিটাইতে পিটাইতে লইয়া যায়। রাইত ১১টার দিকে চান মিয়া সারেং থেইক্যা হুনছি ওরা অ্যাঁর স্বামী, জামাই ও আরও হাঁছজনকে হত্যা করে হুবদিকে লইয়া গেছে। বহু খোঁজাখুঁজি কইরা আইজ হয্যন্ত আমরা তাদের লাশের কোনো খোঁজ হাইনি।’ সাহেদা সাংবাদিকদের আরও জানান, ঘটনার দিন রাত ১২টায় আফছারের মুঠোফোনে কল করা হলে ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে বলে, আফ্ছার, ইব্রাহীম সর্দার, কামাল—এরা কেউ আর ফিরে আসবে না। এরপর নাজিম উদ্দিন হাতিয়া থানায় সাতজনকে খুনের অভিযোগে একটি মামলা করেন।