হাতিয়ায় সড়কের ইট তুলে নিচ্ছেন 'সাবেক সাংসদের লোকজন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের নলেরচরের দক্ষিণ পাশের বেড়িবাঁধ সড়কের ইট তুলে নেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, মেঘনার ভাঙনের কবলে পড়া সড়কটির প্রায় ১০ কিলোমিটার অংশ থেকে ইতিমধ্যে কয়েক লাখ ইট তুলে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীর লোকজন সড়কের ইট তুলে নিচ্ছেন।
মোহাম্মদ আলী হাতিয়ার সাংসদ আয়েশা ফেরদৌসের স্বামী।
তবে সড়কের ইট তুলে নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে দাবি করে মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, মেঘনার ভাঙনে নলেরচরের বেড়িবাঁধ সড়কের বেশ কয়েক কিলোমিটার ইতিমধ্যে ভেঙে গেছে। সেই সঙ্গে সড়কের ইটও নদীতে তলিয়ে গেছে। এলাকার অনেকে ভেঙে পড়া সড়কের ইট নিয়ে মসজিদ-মক্তবে লাগিয়েছেন তিনি বলে শুনেছেন। তিনি বলেন, এ ছাড়া নলেরচরে প্রস্তাবিত একটি মাধ্যমিক বিদ্যালয় ও বয়ারচরের আলী বাজারে একটি কলেজের জন্যও এলাকার লোকজন ভাঙনের মুখে পড়া বেড়িবাঁধ থেকে কিছু ইট তুলে নিয়েছেন। কিন্তু একটি মহল তাঁকে হেয় করার জন্য উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচারে নেমেছে।
গত শনিবার নলেরচরের কিল্লারবাজারের দক্ষিণ পাশে বেড়িবাঁধ সড়কে গিয়ে দেখা যায়, ১০-১২ জন শ্রমিক সড়ক থেকে ইট তুলে নদীতে রাখা ট্রলারে বোঝাই করছেন।
কারা তাঁদের ইট তোলার কাজে নিয়োগ করেছেন? জানতে চাইলে কয়েকজন শ্রমিক বলেন, হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ লোকজন তাঁদের এই কাজে নিয়োগ করেছেন। তাঁদের কাজ ইট তুলে ট্রলারযোগে বয়ারচর চেয়ারম্যানঘাটে নিয়ে রাখা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক প্রথম আলোকে বলেন, নদীর ভাঙনের কারণেই মূলত সড়ক থেকে ইট তুলে নেওয়া হচ্ছে। প্রথম দফায় সড়কের পূর্ব অংশ থেকে প্রায় ১৫ লাখ ইট তুলে নেওয়া হয়েছে। এবার দ্বিতীয় দফায় পশ্চিম অংশ (কিল্লারবাজার) থেকে প্রায় চার-পাঁচ লাখ ইট তোলা হয়েছে। মোহাম্মদ আলীর লোক হিসেবে পরিচিত চানন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব তৌহিদুল ইসলামসহ চার-পাঁচজন এই কাজে জড়িত।
তবে অভিযোগ অস্বীকার করে তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। সড়কের ইট তুলে নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
এই বিষয়ে জানতে চাইলে ইউপির প্রশাসক আবদুর রহিম কোনো কথা বলতে রাজি হননি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০১৪-১৫ ও ১৬ অর্থবছরে আলাদা প্রকল্পের আওতায় নলেরচর বেড়িবাঁধের ওপর প্রায় সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি সলিং সড়ক নির্মাণ করা হয়। এতে দুই কোটি টাকার বেশি ব্যয় হয়। কিন্তু দুই বছরের মধ্যেই মেঘনার ভাঙন বাঁধের কাছাকাছি চলে আসে এবং বাঁধের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়ে যায়।
সূত্র জানায়, এলজিইডির পক্ষ থেকে ইউপি প্রশাসক ও সচিবকে এ ব্যাপারে চিঠি দেওয়ার পাশাপাশি একই বিষয়ে উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বেড়িবাঁধ সড়ক থেকে ইট তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে এলজিইডির নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এম এ সাত্তার প্রথম আলোকে বলেন, ‘হাতিয়ার সাবেক সাংসদের লোকজনের কথা শোনা গেলেও তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে চরের দস্যুবাহিনী ইট তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। আমাদের লোকজন গিয়ে কাউকে পায় না।’ তিনি বলেন, সড়কের কিছু অংশের ইট তুলে অন্য সড়কের কাজে লাগানো হয়েছে। বাকিটুকু নিয়েই এখন সমস্যা। যতদূর জানা গেছে, স্থানীয় ইউপির প্রশাসক ও সচিব এর সঙ্গে জড়িত। তাঁদেরও চিঠি দেওয়া হয়েছে।