হাতিয়ায় সয়াবিনখেত থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচরের মোহাম্মদপুর গ্রাম থেকে অলিউদ্দিন (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মোরশেদ বাজার তদন্তকেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে।

অলিউদ্দিন বয়ারচরের ইসলামপুরের খবির উদ্দিনের ছেলে। তিনি মোটরসাইকেল দিয়ে যাত্রী পারাপার করতেন। উদ্ধারের পর লাশটি মোরশেদ বাজার পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। আগামীকাল বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে অলিউদ্দিন যাত্রী নিয়ে টাঙ্কির বাজার থেকে রামগতির দিকে যান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ বিকেলে স্থানীয় লোকজন মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের সয়াবিনখেতে লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেন। এরপর সন্ধ্যা সাতটার দিকে মোরশেদ বাজার পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল হাই লাশটি উদ্ধার করেন।
জানতে চাইলে খেত থেকে লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ফজলে রাব্বী। প্রথম আলোকে তিনি বলেন, লাশে গলা কিছুটা থেঁতলানো এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অলিউদ্দিনের পরিবারকে থানায় খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে মামলা নেওয়া হবে।