হাতিয়ায় হামলায় পৌর কমিশনার আহত
নোয়াখালীর হাতিয়ায় সন্ত্রাসী হামলায় একজন ওয়ার্ড কমিশনার ও তাঁর ভাই আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চৌমুহনী বাজার থেকে আধা কিলোমিটার উত্তরে ওছখালী-জাহাজমারা প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্র জানায়, বাড়ি থেকে উপজেলা সদরের ওছখালী যাওয়ার পথে আট-নয়জন সন্ত্রাসী দা ও রড দিয়ে হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শূন্যেরচর গ্রামের সায়েদ আহম্মদের (২৪) ওপর হামলা চালায়। খবর পেয়ে ভাইকে বাঁচাতে ঘটনাস্থলে গেলে কমিশনার হাফেজ আহাম্মদও (৩০) হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা অভিযোগ করেন: রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে এ হামলা চালানো হয়েছে। আক্রমণকারীদের অন্যতম ছিদ্দিক উল্যাহ গত পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কমিশনার হাফেজ আহম্মদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।