নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবারও বলবৎ ছিল। তবে সহিংসতা থামেনি। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি হামলার ঘটনায় আহত হয়েছে সাতজন।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সমর্থক হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মুজাহিদ করিম, তাঁর বাবা নুরুল করিম ও ভাই মো. ফিরোজ, সাহাব উদ্দিন এবং সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলীর সমর্থক নাছির উদ্দিন, তাঁর ছেলে কামরুল ও ভাতিজা মো. আশিক।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪৪ ধারার মধ্যেও সোমবার সন্ধ্যায় হাতিয়া-জাহাজমারা সড়কের পাশে মোহাম্মদ আলীর বাসার কাছে তাঁর সমর্থকেরা সাংসদ আজিমের সমর্থক সাহাব উদ্দিনকে মারধর করেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা ছাত্রদলের নেতা মুজাহিদ এবং তাঁর বাবা ও ভাইকে (২৯) শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে তাঁদের টাকা লুটে নেন। আহত চারজনকে গুরুতর অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এর জের ধরে গতকাল বিকেল তিনটার দিকে সাংসদ আজিমের বাসার সামনে তাঁর সমর্থকেরা মোহাম্মদ আলীর তিন সমর্থককে কুপিয়ে জখম ও বেধড়ক মারধর করেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান।প্রসঙ্গত, সোমবার ফজলুল আজিম ও মোহাম্মদ আলীর সমর্থকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। এ ঘটনায় গতকাল দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।সোমবারের সংঘর্ষের সময় মোহাম্মদ আলীর সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা মাইকিং করে গতকাল হাতিয়া উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও হরতাল কর্মসূচি আহ্বান করেন। ১৪৪ ধারা বলবৎ থাকায় তাঁদের কোনো কর্মসূচিই পালিত হয়নি। তবে সদরের দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তায় গাড়ির চলাচলও ছিল কম।উপজেলা ছাত্রলীগের সভাপতি দিদারুল আলম জানান, সোমবারের সহিংস ঘটনা চলাকালে তাঁদের কর্মীদের ওপর সাংসদ ফজলুল আজিমের লোকজনের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী উপজেলা সদরের অদূরে গতকাল শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হয়।হরতালের প্রতিবাদ: গতকাল বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালি উল্লা হাতিয়া পৌর শহরের বাসভবনে ‘হরতাল ও অব্যাহত সন্ত্রাস’-এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ওয়ালি উল্লা বলেন, মোহাম্মদ আলী আওয়ামী লীগের কেউ নন। কিন্তু তাঁর ছত্রছায়ায় চরাঞ্চলের দস্যুবাহিনী উপজেলা সদরকে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে, যা দমাতে স্থানীয় পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরলেও পুলিশ কাউকে আটক করেনি।যোগাযোগ করলে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম প্রথম আলোকে জানান, তিনি হাতিয়ায় অবস্থান করছেন। তাঁর সমর্থকদের ওপর হামলা এবং তাঁর সমর্থকদের হামলা চালানো প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, হাতিয়ার পরিস্থিতি ভালো নয়। গতকালও স্বতন্ত্র সাংসদের লোকেরা তাঁর তিন সমর্থককে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করেছেন।