হাতিয়ায় ৭৭টি ট্রলার দিয়ে ইলিশ ধরছেন জেলেরা
নোয়াখালীর হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে জেলেরা গত মঙ্গলবার থেকেই ৭৭টি ট্রলার দিয়ে ইলিশ মাছ ধরছেন। সরকার ইলিশ সংরক্ষণের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও তাঁরা এ কাজ করছেন। এ ছাড়া হাতিয়ার উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিম উপকূলের মেঘনা থেকেও তাঁরা ইলিশ ধরছেন। গত মঙ্গলবার থেকে গতকাল শনিবার পর্যন্ত হাতিয়ার বিভিন্ন বাজার ও ঘাট এলাকা ঘুরে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব খবর জানা গেছে। স্থানীয়ভাবে এসব এলাকায় প্রতিদিন ইলিশ মাছ বিক্রি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রথম আলোকে জানান, মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত জাহাজমারা ঘাট থেকে ৪২টি, আমতলী ঘাট থেকে আটটি, মো. আলী স্লুইস ঘাট থেকে ১৩টি, জঙ্গলিয়া ঘাট থেকে ছয়টি, কাদিরার খাল থেকে পাঁচটি, রহমত বাজার ঘাট থেকে দুটি ও সূর্যমুখী ঘাট থেকে একটি ট্রলার সমুদ্রে ইলিশ মাছ ধরতে গেছে।এ ছাড়া সুখচর ইউনিয়নের বৌবাজার, হরিণ বাজার, রামচরণ বাজার ও বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার, দানারদোল, সূর্যমুখী, আসকা বাজার, চরঈশ্বর ইউনিয়নের কাজীর বাজারসহ হাতিয়ার বিভিন্ন এলাকায় প্রতিদিন ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে।এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট দীপংকর প্রথম আলোকে বলেন, মেঘনায় বা বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার সুনির্দিষ্ট তথ্য পেলে তাঁরা দ্রুত সেখানে অভিযান চালাবেন।উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান বলেন, মঙ্গলবার থেকে তাঁরা সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছেন।