হাতীবান্ধা ছাত্রলীগের দুই পক্ষে আবারও সংঘর্ষ, আহত ৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনসহ ছাত্রলীগের ছয় নেতা-কর্মী আহত হন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে একই কার্যালয়ে গত সোম ও বুধবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আট নেতা-কর্মী আহত হন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের সমেঞ্চলনে সভাপতি ও সম্পাদক পদে ১২ জন ছাত্রলীগের নেতা প্রার্থী হন। কমিটিতে আসতে ইচ্ছুক ছাত্রলীগের নেতাদের মাদকাসক্তি আছে কি না, তা পরীক্ষার জন্য রক্ত পরীক্ষার কথা বলা হলে ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করেন। পরে সোমবার রবিউল ইসলামকে সভাপতি ও জাকিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এ কমিটিতে পদবঞ্চিত মাইদুল ইসলাম ও জাকির হোসেন পক্ষের নেতা-কর্মীরা ওই দিন রাতে বড়খাতা ইউনিয়নের দলীয় কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করেন। এরপর গত বুধবার রাতেও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইদুল ইসলাম, জাকির হোসেন, রিপন ইসলামসহ ছাত্রলীগের আটজন নেতা-কর্মী আহত হন।
এদিকে বুধবার রাতের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার রাতে বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আবারও ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান, বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালসহ ছাত্রলীগের উভয় পক্ষের ছয়জন আহত হন। আহতদের মধ্যে সাব্বির ও আবু হেনা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তফিউজ্জামান ও সাধারণ সম্পাদক উমর ফারুক জানান, কমিটিতে পদে আসতে ইচ্ছুক ছাত্রলীগের নেতাদের মাদকাসক্তি শনাক্তের জন্য রক্ত পরীক্ষার উদ্যোগ নেওয়া হলে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন। কমিটিতে না আসতে পেরে ছাত্রলীগের একটি অংশ কমিটিতে স্থান পাওয়া অংশের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর বারবার হামলা করে আসছে।
জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. খালেকুজ্জামান বলেন, যোগ্য নেতাদের বাদ দিতে উপজেলা ছাত্রলীগের নেতারা নানা রকম পরীক্ষা-নিরীক্ষার আশ্রয় নিয়েছেন। তিনি অভিযোগ করেন, বুধবার রাতে কমিটিতে আসতে পারেননি ছাত্রলীগের এমন কয়েকজন নেতা-কর্মীকে বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মারধর করা হয়।