লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ হয়েছে। এই সময় সংঘর্ষ থামাতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশের দুই সদস্য, এক সাংবাদিকসহ ১০ জন আহত হন। এ ঘটনায় শুক্রবার রাতেই আওয়ামী লীগ ও পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাতীবান্ধা ডাকবাংলো মাঠে শুক্রবার বেলা তিনটায় ছাত্রদল ও ছাত্রলীগের জনসভা বিএনপি ও আওয়ামী লীগের উপজেলা শাখার নেতাদের হস্তক্ষেপে স্থগিত করা হয়। কিন্তু সন্ধ্যায় হাতীবান্ধা মেডিকেল মোড়ে বিএনপি, ছাত্রদল, জামায়াত ও শিবিরের কর্মীদের জমায়েত হওয়ার খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে গিয়ে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট কামাল মোহামঞ্চদ রাশেদ, হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার, পুলিশের দুই সদস্য, দৈনিক মানবকণ্ঠ-এর লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামানসহ ১০ জন আহত হন। একই সময় আওয়ামী লীগের সির্ন্দুনা ইউনিয়ন ও বিএনপির উপজেলা কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে কর্তব্য পালনে বাধা দেওয়া ও ঢিল ছুড়ে আহত করার ঘটনায় হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম এবং আওয়ামী লীগের সির্ন্দুনা ইউনিয়ন কার্যালয়ে হামলার ঘটনায় ওই কার্যালয়ের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে বিএনপি, ছাত্রদল, জামায়াত ও শিবিরের ৫৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।