হাতীবান্ধার সেই ওসির বক্তব্যের তদন্ত শুরু
লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সেই ‘রাজনৈতিক বক্তব্যে’র তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সারওয়ার্দী ওই ঘটনা তদন্তে হাতীবান্ধায় আসেন।
গত ১৭ জানুয়ারি রাতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) থেকে গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য দেন ওসি আবদুল মতিন। সেখানে তিনি বলেন, ‘আমি মধুর ভাষায় অভিনন্দন জানাই, যাঁরা আজ বিএনপি এবং জাতীয় পার্টি থেকে দেরিতে হলেও আওয়ামী লীগে যোগদান করছেন তাঁদের। তাঁরা বুঝেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নাই।’
ওই বক্তব্যের ভিডিও ক্লিপসসহ প্রথম আলো অনলাইন সংস্করণে ২০ জানুয়ারি ‘আ.লীগে যোগ দেওয়ায় সাধুবাদ দিলেন ওসি!’ এবং প্রথম আলো পত্রিকায় ২১ জানুয়ারি ‘ওসি বললেন আ.লীগ ছাড়া গতি নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
গতকাল দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী তদন্ত করেন জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সারওয়ার্দী।