হাতীবান্ধায় কালবৈশাখীতে লন্ডভন্ড পাঁচটি গ্রাম
লালমনিরহাটের হাতীবান্ধায় কালবৈশাখীতে গত শনিবার রাতে পাঁচটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এতে বসতবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সব গ্রামে গতকাল রোববার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে উপজেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টি শুরু হয়। এতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি, পূর্ব সারডুবি, বুড়া সারডুবি, বড়খাতা ও আদর্শ গুচ্ছগ্রামের শতাধিক বাড়িঘর ও অসংখ্য গাছপালা উপড়ে পড়ে।
কালবৈশাখীতে বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের ভ্যানচালক রমজান আলীর দুটি টিনের ঘর দুমড়ে-মুচড়ে যায় এবং পূর্ব সারডুবি গ্রামের নুরজাহান, রফিকুল, সিরাজ উদ্দিন, আবুল কালাম, জামাল উদ্দিন, বিশু, কফিল উদ্দিন, মোখলেছার, মাহাবুল, মজিবর রহমানের কাঁচা ও টিনের চালাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল জানান, তাঁর ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডে ঝড়ে শতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনের গিয়েছি। ঝড়ে পাঁচটি গ্রামের শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত ত্রাণ পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’