হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আলম তালুকদার (৩৬) নামের আহত একজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার মারা যান। আহত আরও ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের হাশেম তালুকদার এবং মহুবর তালুকদার পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছিল। বুধবার দুপুরে হাশেম তালুকদারের লোকজন বিবদমান জমিতে ধান লাগাতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে হাশেম তালুকদার পক্ষের আলম তালুকদার (৩৬), মোসলেম উদ্দিন তালুকদার, জামাল হোসেন, আবদুর রহমান, আহাদুল ইসলামসহ দুই পক্ষের ১০ থেকে ১১ জন আহত হন। আলম ও আহাদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলম তালুকদার গতকাল সকালে মৃত্যুবরণ করেন।
হাশেম তালুকদারের ভাই আবুল কালাম আজাদ বলেন, ‘মহুবরদের হামলায় আমাদের পক্ষের আলম নিহত ও পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমার বিরোধে একজন নিহত ও দুই পক্ষের নয় থেকে ১০ জন আহত হয়েছেন।