হাতীবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গতকাল সোমবার একটি ট্রাক্টর যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে এক শিশু নিহত হয়। এ সময় তিন কিশোরসহ চারজন যাত্রী আহত হয়।
নিহত শিশুর নাম নয়ন (৮)। সে নয়ন উপজেলার সিংগীমারী গ্রামের আবদুস সালামের ছেলে। নয়ন সিংগীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
আহত ব্যক্তিরা হলো নয়নের বড় ভাই নাহিদ হোসেন (১৩), একই গ্রামের ফরিদ হোসেনের ছেলে মিজানুর রহমান (১৩), মিন্টু মিয়ার ছেলে মোজাহিদ (১৪) ও উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের সৈয়দ আলীর ছেলে অটোরিকশাচালক মানিক মিয়া (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে স্থানীয় এক ওরস অনুষ্ঠান শেষে চারজন অটোরিকশায় করে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক দিয়ে সিংগীমারীতে ফিরছিলেন। এ সময় উপজেলার আরডিআরএস কার্যালয়ের সামনে মহাসড়কে একটি ইট বহনকারী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। অপর চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।