হাতীবান্ধায় তিস্তার ভাঙন অব্যাহত
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই কম-বেশি বাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। ইতিমধ্যে প্রায় দেড় হাজার পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এসব পরিবারের সদস্যরা রাস্তার ধারে ও খোলা মাঠে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
সবচেয়ে বেশি ভাঙনের শিকার হয়েছে উপজেলার তিস্তা তীরবর্তী ছয় ইউনিয়নের সহস্রাধিক পরিবার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে উপজেলার নিজ শেখ সুন্দর, পার শেখ সুন্দর, ঠেংঝড়া, বাঘের চর, ছয়আনী, পিত্তিফাটা, চর গড্ডিমারী, চর ধুবনী, চর সিন্দুর্ণা, উত্তর হলদিবাড়ি, দক্ষিণ হলদিবাড়ি, উত্তর ডাউয়াবাড়ি ও চর নোহালী।
সম্প্রতি উপজেলার সানিয়াজান ইউনিয়নের তিস্তা গাইড বাঁধে গিয়ে দেখা যায়, রাস্তার দুধারে নদীভাঙনের শিকার অনেক পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়া নিজ শেখ সুন্দর গ্রামের কৃষক আছির উদ্দিন (৬০) বলেন, প্রায় ৫০ বিঘা জমির মালিক ছিলেন তিনি। তিস্তার ভাঙনে শুধু বাড়িঘর নয়, সব জমিও নদীর গর্ভে বিলীন হয়েছে। তাই পরিবার পরিজন নিয়ে বাঁধে এসে কষ্টে দিনাতিপাত করছেন তিনি।
কৃষক নুর ইসলাম (৪৫) বলেন, ‘আমার প্রায় ২০ বিঘা জমি ছিল। কিন্তু তিস্তা এখন পথে বসিয়েছে। সরকারিভাবে শুকনা খাবার আর দুদফায় ২০ কেজি করে চাল পেয়েছি। কিন্তু এসব ত্রাণ দিয়ে কদিনই বা চলবে?’ তারা নদীর ভাঙন রোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ প্রথম আলোকে বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নের ৯৩২ পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইতিমধ্যে নগদ ২৬ লাখ টাকা ও ২৫০ বান্ডিল টিন বিতরণ করা হয়েছে।
এ ছাড়া সম্প্রতি ত্রাণমন্ত্রী লালমনিরহাট সফরে এসে আরও ৯ লাখ টাকা ও ৩০০ বান্ডিল টিন বরাদ্দ করেছেন।