হাতীবান্ধায় শিক্ষক সমিতির সভায় শিক্ষকদের মামলা থেকে অব্যাহতির আলটিমেটাম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছয় শিক্ষককে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা শিক্ষক সমিতির নেতারা। পাশাপাশি হয়রানির শিকার ওই ছয় শিক্ষককে ৪৮ ঘণ্টার মধ্যে মামলা থেকে অব্যাহতির আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শিক্ষক নেতারা।
গত মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্থানীয় উপজেলা শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি যৌথ আয়োজনে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
ওই সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন হাতীবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম জি মোস্তফা, নওদাবাস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, বড়খাতা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা আক্তার ও উপজেলার ভাইস চেয়ারম্যান মাকতুবা ওয়াসিম প্রমুখ।
গত ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে সরকারদলীয় নৌকা প্রতীকের পক্ষে কাজ না করায় স্থানীয় ছয় শিক্ষকসহ ১৮ জনের নামে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন ক্ষমতাসীন দলের নবনির্বাচিত চেয়ারম্যান মহির উদ্দিন।
এতে প্রধান আসামি করা হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার ছোট ভাই মহিউল আহমেদসহ ছয় শিক্ষককে আসামি করা হয়।
এ নিয়ে গত ২৯ এপ্রিল প্রথম আলোয় ‘ছিনতাইয়ের অভিযোগে ৬ শিক্ষকের বিরুদ্ধে মামলা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।