হাতীবান্ধায় শিশুবিবাহ বন্ধে গণস্বাক্ষর অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই মিলে শপথ করি, শিশুবিবাহকে না বলি’—এই স্লোগান সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়নে এ স্বাক্ষর অভিযান চলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিশুবিবাহ বন্ধের জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করা হয়। এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়নে চলবে। কার্যক্রমটি উপলক্ষে গতকাল সকালে উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, মাকতুবা ওয়াসীম, সানিয়াজান ইউপি চেয়ারম্যান এনায়াতেুল্লাহ প্রমুখ। আলোচনা সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য, আনসার, ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন। পরে তাঁরা বাল্যবিবাহ বন্ধে শপথ গ্রহণের মধ্য দিয়ে গণস্বাক্ষরে অংশ নেন। এরপর দুপুরে উপজেলার ফকিরপাড়া ও বিকেলে বড়খাতা ইউনিয়ন পরিষদে একইভাবে গণস্বাক্ষর সম্পন্ন হয়।
ইউএনও মাহবুবুর রহমান বলেন, চলতি মাসের প্রথম দিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল ইসলাম লালমনিরহাট সফরে আসেন। ওই সফরে তিনি হাতীবান্ধা এসে এ জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এ কার্যক্রমের অংশ হিসেবেই জনসচেতনতা তৈরিসহ স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, কাজী, পুরোহিত ও আনসার-ভিডিপি সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণস্বাক্ষর নেওয়া হচ্ছে। এই অভিযানে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।