হাতীবান্ধায় শ্রমিক ও পীরগাছায় ব্যবসায়ী নিহত
লালমনিরহাটের হাতীবান্ধায় গত সোমবার ট্রাকের চাপায় একজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে। একই দিন রংপুরের পীরগাছায় যাত্রীবাহী বাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হন।হাতীবান্ধায় নিহত শ্রমিকের নাম মজিদুল ইসলাম (১৮)। তিনি পাটগ্রাম উপজেলার ইসলামানগর গ্রামের মতিয়ারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মালবাহী ট্রাক সোমবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের জোড়াপুকুর এলাকায় বাইসাইকেল আরোহী মজিদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করে। প্রায় তিন ঘণ্টা পর হাতীবান্ধা থানার পুলিশ ঘটনাস্থলে আসার পর এলাকাবাসী অবরোধ তুলে নেয়। পীরগাছা উপজেলা সদরের চণ্ডীপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে ব্যবসায়ী আনোয়ার হোসেন (২৫) সোমবার বিকেলে রংপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পীরগাছা-রংপুর মহাসড়কের মনুরছড়া লোহার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে তিনি মারা যান এবং তাঁর সঙ্গে থাকা শাহাদুল ইসলাম (৩০) ও ফারুখ হোসেন (২৬) আহত হন। এ ঘটনায় এলাকাবাসী ওই মহাসড়ক অবরোধ করে রাখলে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।